Showing posts with label Habib Jalib. Show all posts
Showing posts with label Habib Jalib. Show all posts

Sunday, July 18, 2021

পাকিস্তানি কবি হাবিব জালিব-এর কবিতা "সংবিধান" --- অনুবাদ : মলয় রায়চৌধুরী

 


পাকিস্তানি কবি হাবিব জালিব-এর কবিতা

সংবিধান

অনুবাদ : মলয় রায়চৌধুরী

যে রশ্মি কেবল প্রাসাদগুলোকে আলোকিত করে

ছায়ায় পুড়িয়ে দেয় জনগণের আনন্দ

অন্যের দুর্বলতা শুষে নিজের শক্তি সঞ্চয় করে

সেরকম সংবিধান, আলোহীন সকালের মতন

আমি মানি না, আমি জানি না

.

আমি ফাঁসিকে ভয় পাই না,

বলে দাও পৃথিবীকে যে আমি একজন শহীদ

জেল দেখিয়ে জীবন্তকে কেন ভয় পাওয়াচ্ছো ?

এই পরিব্যপ্ত সর্বনাশ, এই মূর্খতার রাত,

আমি মানি না, আমি জানি না

.

তোমরা বলো শাখায় শাখায় ফুল ফুটেছে 

তোমরা বলো মদের পেয়ালা উপচে পড়ছে

তোমরা বলো আপনা থেকে সেরে যাচ্ছে হৃদয়ের ক্ষত

এই ডাহা মিথ্যা, চোখের সামনে ডাকাতি

আমি মানি না, আমি জানি না

.


হাজার বছর ধরে আমাদের মানসিক শান্তি চুরি করেছ তোমরা

আমাদের ওপর তোমাদের খবরদারি আর চলবে না

যন্ত্রণাকাতরদের সেবক সাজো কেন

তোমরা নাকি সেবক কেউ স্বীকার করলেও 

আমি মানি না, আমি জানি না








Saturday, July 17, 2021

পাকিস্তানি কবি হাবিব জালিব-এর কবিতা -- অনুবাদ : মলয় রায়চৌধুরী

 


পাকিস্তানি কবি হাবিব জালিব-এর কবিতা

রাকশিন্দা জোয়াকে

অনুবাদ : মলয় রায়চৌধুরী

১৯৮১ সালের ১৩ই এপ্রিল, জেলে এসে

ও বলতে পারছিল না, কিন্তু তবু

আমার ছোট্ট মেয়ে বলে ফেলতে পারল

বাবা, বাড়ি চলে এসো

বাবা, বাড়ি চলে এসো

ও বুঝে উঠতে পারে না

কেন, কারাগারে, আমি অবিরত থাকি

আর ওর সঙ্গে ফিরে যাই না, হাতে হাত ধরে

কেমন করেই বা ওকে বোঝাবো

বাড়িও তো কারাগারের মতন

কোট লাখপত জেল




Friday, July 16, 2021

পাকিস্তানের প্রতিষ্ঠানবিরোধী কবি হাবিব জালিব-এর কবিতা --- অনুবাদ : মলয় রায়চৌধুরী

 


পাকিস্তানের প্রতিষ্ঠানবিরোধী কবি হাবিব জালিব-এর কবিতা

( পাকিস্তানের প্রত্যেকটি সরকার ওনাকে কবিতা লেখার দায়ে জেলে পুরেছিল )

মিলিটারি বুটজুতোর সরকার

ডাকাতটা যদি না পেতো

গ্রামের পাহারাদারকে তার দোসর

আমাদের পায়ে শেকলের বেড়ি পরানো থাকতো না

আমাদের বিজয়কে মনে হতো না পরাজয়

গলায় পাগড়ি জড়িয়ে শোক প্রকাশ করতে হতো না

পেটের হামাগুড়ি দিয়ে, হুকুম তামিল করতে হতো না

একবার যদি মিলিটারি বুটজুতোর সরকার চেপে বসে

তাহলে তাকে বিদায় জানানো অসম্ভব